সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবি
যোগফল প্রতিবেদক:
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, নিহত সাংবাদিক আগে থেকেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন, তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু এ বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে তাঁরা জানতে পেরেছেন।
তিনি বলেন, গতকাল অপূর্ব নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীসহ অন্যরা।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন